র্যাবের সঙ্গে মাদক চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধ’, গ্রেপ্তার ৮
কুমিল্লায় র্যাব সদস্যদের সঙ্গে মাদক চোরাকারবারিদের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ এপ্রিল রাতের ঘটনায় ১২ জনকে এজাহার নামীয় এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল হতে গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৩ জন মশিউর রহমান (২১), সবুজ ইসলাম (২০), শরীফ মিয়াকে (১৯) সদর দক্ষিণ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ২ মাদক চোরাকারবারি সাইদুল ইসলাম (২২) এবং আলীকে (২০) কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, এ ছাড়াও, গত ৮ এপ্রিল রাতে র্যাব-১১ সিপিসি-২-এর একটি অভিযান দল বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে যুক্ত দেলোয়ার হোসেন (৪৯), সাইফুল ইসলাম (২৭) এবং মো. রবিউল হাসানকে (২৫) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জনকে (এজাহার নামীয়) গ্রেপ্তার করা হয়েছে বলেন জানান র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২-এর একটি বিশেষ অভিযান দল গত ৭ এপ্রিল রাতে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকার পৌঁছে দূর থেকে ২০-২৫ জন মাদক চোরাকাবারিকে দেখতে পায়। তারা মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছিল। এসময় কর্তব্যরত টহল কমান্ডার তাদের থামতে বলে এবং নিজেদের র্যাব পরিচয় দেয়। কিন্তু র্যাবের উপস্থিতি দেখে কিছু চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায় এবং তাদের কয়েকজন র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরবর্তীতে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করে। এ ঘটনায় একজন র্যাব সদস্য ৩ জন মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ র্যাব সদস্য ও মাদক চোরাকারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুলিবিদ্ধ র্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীকে চিকিৎসক পর্যবেক্ষণে রাখেন এবং অবস্থার অবনতি চিকিৎসকরে পরামর্শে কুমিল্লা সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।