লবণ মাঠে আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে নিহত ১, আহত ১০

নিহতের ঘটনায় ২ জন আটক
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠে পানি চলাচলের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোণা গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গোলাগুলি ও সংঘর্ষশুরু হয়।

নিহত ব্যক্তির মোহাম্মদ ফেরদৌস (২৫) একই গ্রামের নুরুল নেছারের ছেলে। 

গুরুতর আহত গুলিবিদ্ধ ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মোহাম্মদ ওয়াসিম (৩০),  রাসেল (২৫), আরিফ বাদশাহ (২৮) ও মোহাম্মদ সিরাজ (৫৫)। 

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে,  লবণ মাঠের পানি চলাচলকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে স্হানীয় মোহাম্মদ জাবেদ এবং ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক হয়। এক পর্যায়ে ওইদিনই দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এ ঘটনার রেশ ধরে দুপক্ষের লোকজন গতকাল রোববার রাতে আবারো দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। 

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রানা দে বলেন, ফেরদৌসকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই দ্য ডেইলি স্টারকে বলেন, ফেরদৌসের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আজ সকালে।

হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সাবের (৫০) ও মোহাম্মদ রাশেদ (৩৫) নামে ২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এখনো মামলা হয়নি, প্রস্তুতি চলছে মামলার।