শিক্ষার্থীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে গেল ঢাবিতে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর লালবাগ এলাকা থেকে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধারের পর বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যায় এক কিশোরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি প্রাইভেটকার থেকে নামিয়ে দেওয়া হয়। সেখানে এক নারী পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।'

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, টিএসসি থেকে এক নারী ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, পুলিশের কাছে দেওয়া তথ্যে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত ১২ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হয়ে পড়তে যাওয়ার সময় প্রতিবেশী শুভ, শাকিল ও আলামিন নামে তিন জন তাকে তুলে নিয়ে যায়। আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। আজ দুপুরে তাকে টিএসসির রাজু ভার্স্কযের সামনে ফেলে রেখে যায় তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দীন জানান, এক শিক্ষার্থী গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল বলে আমরা জেনেছি। হাসপাতালে ও কিশোরীর বাসায় পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, 'এক কিশোরীকে অসুস্থ অবস্থায় টিএসসি থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।