লালমনিরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের মাসুদ রানা (২৬) ও একই এলাকার মোহাম্মদ আলী (২৩)।

আজ মঙ্গলবার দুপুরে আদিতমারী উপজেলার কমলাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, আসামি দুইজন ওই গৃহবধূর বাড়িতে দিনমজুরি চুক্তিতে শ্রমিকের কাজ করতেন। গতকাল সন্ধ্যায় গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি জঙ্গলে ধর্ষণ করেন তারা।

ওসি মোক্তারুল ইসলাম জানান, গৃহবধূকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে মামলা করেছেন।