লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার রাতে রহিম মিয়া (২৯) নামের ওই ভারতীয়কে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি সীমান্তে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। আটক ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে গরু পাচার চক্রের সদস্য বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, রহিম মিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গিজালদা গ্রামের সুখলাল মিয়ার ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের হাতীবান্ধা উপজেলার জাওরানী বিওপি ক্যাম্পের সুবেদার জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তের ৯০৯ নম্বর মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন রহিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম বলেন, 'আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে।'