লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে দুর্গাপুর কুঠিবাড়ী সীমান্তে বাংলাদেশ অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, নিহত ভারতীয় নাগরিক সিরাজুল হকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার টুতিয়ারখুটি গ্রামে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হারিছ মিয়া ডেইলি স্টারকে বলেন, রোববার ভোরে কোচবিহার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের পদ্মা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি বর্ষণ করেন। এতে সিরাজুল হক গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের ভেতরে এসে মারা যান। পরে সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে।

'আমরা দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এ বিষয়ে অবহিত করেছি। কিন্তু তারা লাশ গ্রহণ করেনি। নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা খোঁজ নিয়ে পরে বিএসএফ লাশ গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন,' তিনি বলেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির সহযোগিতা নিয়ে ভারতীয় পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।