শরীফকে চাকরিচ্যুতি: তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টকে ১০ আইনজীবীর চিঠি

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টকে চিঠি দিয়েছেন ১০ আইনজীবী।

আজ রোববার সকালে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে আইনজীবীরা দুদকের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ চিঠি দেওয়া হয়েছে।

কেন শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে দুদকের কাছে সেই ব্যাখ্যা চেয়ে দর্শানোর নোটিশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা হয়েছে চিঠিতে। একইসঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিতে আদালতের আদেশ চাওয়া হয়েছে।

আইনজীবী শিশির মনির দ্য ডেইলি স্টারকে জানান, তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭২ এর অধীনে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠিটি জমা দিয়েছেন।

তিনি আরও জানান, আদালত চিঠিটিকে আবেদন হিসেবে বিবেচনা করে মঙ্গলবার শুনানি করতে পারেন।