শামীম এস্কান্দারের আবেদন খারিজ, দুর্নীতি মামলা চলবে

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন শামীম এস্কান্দার।

আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আবেদন খারিজ করে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এ কে এম ফজলুল হক দ্য ডেইলি স্টারকে জানান, সর্বোচ্চ আদালতের এই রায়ের পর এখন আর শামীম এস্কান্দারের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকছে না।

আদালতে শামীম এস্কান্দারের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সম্পদ বিবরণীতে ২০ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের তথ্য লুকানো এবং ১ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় ২০০৮ সালের ৫ মে শামীম এস্কান্দারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

পরে ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন তিনি।

দুদকের আইনজীবী ফজলুল হক আরও জানান, ২০১৬ সালে আরও একবার হাইকোর্ট এই মামলার বিচারিক কার্যক্রম বাতিলের দাবি জানিয়ে করা আবেদন নাকচ করেছিলেন।