‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে আরেক মামলায় চার্জশিট

স্টার অনলাইন রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় দায়ের করা আরেকটি মামলায় 'শিশুবক্তা' নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেছেন, রফিকুলের বিরুদ্ধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে বিচারের আওতায় আনা উচিত।

গত বছরের ১১ এপ্রিল মোহাম্মদ মামুন নামের একজন বাদী হয়ে মামলাটি করেছিলেন।  

এর আগে রফিকুলে বিরুদ্ধে ঢাকার মতিঝিল ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভ চলাকালে গত বছরের ২৫ মার্চ মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। পরে তাকে মুক্তি দেওয়া হয়।

একই বছরের ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বতলা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে ডিজিটাল নিরাপত্তা আইনে গাছা, মতিঝিল ও তেজগাঁও থানায় করা ৪টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।