শিশু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক সৎ মা সাড়ে ৫ বছর পর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে ৭ বছরের শিশু রাব্বী হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক সৎ মা বিলকিস বেগমকে ৫ বছর ৭ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। শার্শা উপজেলার লাউতাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিলকিস যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আয়াতুল্লাহ খোমিনির দ্বিতীয় স্ত্রী ও শিশু রাব্বির সৎ মা।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, ২০০৯ সালের ১৩ অক্টোবর রাত ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আয়াতুল্লাহ খোমিনির দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগম তার সৎ ছেলে রাব্বীকে ভাতের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করে।

নিহত রাব্বির চাচা মোমিনুর রহমান পরদিন বাদি হয়ে বিলকিসকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন।

পরে বিলকিসকে আটক করে পুলিশ।

২০১০ সালের ৯ এপ্রিল পুলিশ বিলকিসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর আদালত থেকে জামিনে মুক্তি পান বিলকিস।

২০১৬ সালের ১১ মে বিলকিসের ফাঁসির আদেশ দেন যশোরের তৎকালীন স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা।

আদালতের রায় পাওয়ার পর থেকেই আত্মগোপনে থাকেন বিলকিস বেগম।

ওসি সুমন ভক্ত জানান, গোপন সংবাদ পেয়ে গতরাতে ঝিকরগাছা থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।