শুটার রিয়াজসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
গতকাল রাতে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করে। রিয়াজুল (২২) ছাড়া গ্রেপ্তার বাকি ৪ জন হলেন- মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা, মারুফ হোসেন মুন্না, মো. সেলিম ও মো. মাহবুব মিয়া (২৩)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি জানিয়েছে।
র্যাবের ভাষ্যমতে, হত্যাসহ ১৫ মামলার আসামি রিয়াজুল। তিনি অন্তত ১৫ সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁও ও তার আশপাশের এলাকায় রিয়াজুলের নেতৃত্বে তার সহযোগীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে জমি দখল, অবৈধভাবে বালু ভরাট, মাটিকাটার ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা। গ্রেপ্তারকৃত বাকি ৪ জন রিয়াজুলের সহযোগী ছিলেন।