শুভ ও আলামিন কিশোরীকে ৫ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন-ধর্ষণ করে: র‌্যাব

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর লালবাগ এলাকা থেকে কিশোরীকে তুলে নিয়ে মূল অভিযুক্ত মনির হোসেন শুভ ও তার সহযোগী আলামিন নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ৫ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, 'র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল গতরাতে রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. মনির হোসেন শুভকে (২২) আটক করে।'

ওই কিশোরীর অভিযোগের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সে প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লালবাগ কেল্লার মোড়ে শুভ ও আলামিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ৫ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি পৌনে বিকাল পৌনে ৩টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায়। একজন পথচারী কিশোরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শুভ জানায়, তিনি বর্তমানে বিবিএ'র শিক্ষার্থী। তার দাবি, গত ১ মাস আগে লালবাগের একটি বাসায় এক বন্ধুর মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। 

শুভর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।