সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী শিশু নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার রিমন বাহিনীর রিমনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুলি ও শিশু নিহতের ঘটনায় শিশুটির খালু হুমায়ুন কবির বাদী হয়ে আজ দুপুরে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।'
তিনি আরও বলেন, 'পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।'
বুধবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী মাওলানা আবু জাহের (৪০) ও তার কোলে থাকা শিশু জান্নাতকে সন্ত্রাসী রিমন ও তার লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাওলানা আবু জাহেরের শরীরে ও তার কোলে থাকা শিশু তাসফিয়ার মাথা চোখ, মুখ ও পিঠে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
