সন্দেহজনক গতিবিধি, চট্টগ্রামে বইমেলা থেকে আটক ২
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার একুশে বইমেলা থেকে দুই সন্দেহভাজনকে গ্রপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ ও কোতোয়ালি থানা পুলিশ পৃথকভাবে তাদের আটক করে।
তবে পুলিশ বিস্তারিত প্রকাশ না করায় আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তাদের ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপির দক্ষিণ জোনের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্দেহজনক গতিবিধির জন্য বইমেলার প্রবেশপথ থেকে এক যুবককে আমরা আটক করেছি। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি।'
'এ বিষয়ে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি,' বলেন তিনি।
তবে বারবার চেষ্টা করেও কাউন্টার টেরোরিজম বিভাগের কেউ ফোন না ধরায় আটক অপর ব্যক্তির বিষয়ে জানা যায়নি।
কাউন্টার টেরোরিজম সূত্র জানায়, বইমেলায় সন্দেহজনক গতিবিধির জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম বলেছিলেন, তরুণদের উগ্রবাদে উস্কানি দেয় এমন কোনো বই চট্টগ্রামের বইমেলায় বিক্রি বা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে মেলায় ইসলামী বই বিক্রি নিষিদ্ধ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে মেয়র বিষয়টি ব্যাখ্যা করেন।