সরকারি ওষুধ পাচারের সময় চমেক হাসপাতালের কর্মী আটক
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের ১ কর্মীসহ ২ জনকে আটক করেছে সেখানে কর্তব্যরত আনসার ও পুলিশ।
আটককৃতরা হলেন-হাসপাতালের অফিস সহকারী আশু চক্রবর্তী (৩২) ও তার সহযোগী মো. সাঈদ (৫০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সোমবার দুপুর ৩টার দিকে আশু ও সাঈদ একটি কালো ব্যাগ নিয়ে অর্থোপেডিক ওয়ার্ড থেকে দ্রুত গতিতে বের হচ্ছিল। তাদের চলাচল দেখে সন্দেহ হয় সেখানে কর্তব্যরত পুলিশের। তারা ওই দুজনকে আটকাতে চাইলে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে হাসপাতালের মেইন গেটের পুলিশ ও আনসার তাদের আটক করতে সক্ষম হয়।
যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাগ তল্লাশি করে পুলিশ রোগীদের জন্য হাসপাতালের সরকারি ওষুধ পেয়েছে।'
পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে হাসপাতাল থেকে আগে চুরি হওয়া আরও ওষুধ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পরিচালক বলেন, 'পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এর সঙ্গে আর কারা জড়িত আছে তা বের করা হবে।'