সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা: ১ বছরেও শেষ হয়নি তদন্ত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গত বছরের ২০ ফেব্রুয়ারি নিহত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৫)। হত্যাকাণ্ডের ১ বছর পার হলেও, এখনো এ ঘটনায় করা মামলার তদন্ত কাজ শেষ হয়নি।

হত্যার ঘটনায় মুজাক্কিরের বাবা নুরুল হুদা ২৩ ফেব্রুয়ারি মামলা করার পর, সেদিনই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার তদন্তভার দেওয়া হয়।

দীর্ঘ ১ বছরেও মুজাক্কির হত্যা মামলার অভিযোগপত্র না দেওয়া সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সঙ্গে।

আজ রোববার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলার তদন্তকাজ আরও কিছু বাকি আছে। শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের জন্য কাজ করছি।'

তিনি জানান, মামলায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এদিকে মুজাক্কির হত্যার বিচারের দাবিতে রোববার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। মুজাক্কিরের বড় ভাই নূর উদ্দিন এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার মামলা পিবিআইতে স্থানান্তরের পর ১ বছর পার হয়েছে। এখন পর্যন্ত মামলার চার্জশিট দেওয়া হয়নি। তাছাড়া, ভিডিও ফুটেজে যে সব আসামিদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল, তাদের কারা নির্দেশ দিয়েছিল এবং কাদের নির্দেশে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বা কোথা থেকে তারা অস্ত্র পেল, অস্ত্রগুলো কোথায় গেল এবং গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে কাদের কথা হয়েছিল সেসব কললিস্ট অনুসন্ধান করে হত্যাকাণ্ডের মূল কুশীলবদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।'

tds_91.jpg
রোববার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে মুজাক্কিরের পরিবারের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

'এ বিষয়ে সব সংস্থার আন্তরিকতা দরকার' উল্লেখ করে নূর উদ্দিন বলেন, 'পিবিআইসহ অন্যান্য সংস্থা আন্তরিকতা সহকারে তদন্ত করলে এ হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।'
 
সংবাদ সম্মেলনে মুজাক্কিরের বাবা মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী, মা মমতাজ বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং তার বিরোধী পক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সংবাদ সংগ্রহে গিয়ে গুলিবিদ্ধ হন বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।