সাকিব হত‍্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাভার

মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসান হত‍্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাভারের মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী ও স্বজনরা।

আজ রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে নিহত সাকিবের সহপাঠী রাশেদ মিয়া বলেন, 'পাওনা টাকা চাওয়ায় হত্যা পরিকল্পনা করে আমাদের বন্ধু সাকিবকে নির্মমভাবে হত‍্যা করা হয়েছে। আমরা হত‍্যাকারীদের মধ্যে যারা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।'

সাকিবের বড় ভাই রাকিব মিয়া বলেন, 'আমার ভাইকে পরিকল্পিতভাবে হত‍্যা করেছে ওর বন্ধু পিয়াস, ইমন, নাবিন, রাজুসহ কয়েকজন। পিয়াস, ইমন ও রাজুকে গ্রেপ্তার করা হলেও নাবিন ও বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।'

কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেন রাকিব।

যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোখলেছুর রহমান দ‍্য ডেইলি স্টারকে বলেন, 'সাকিব হত‍্যা মামলায় প্রধান আসামিসহ ৩ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালছে।'

গত ১৮ মার্চ সাকিবের নিখোঁজ হওয়ার বিষয়ে সাভার মডেল থানায় জিডি করেন তার ভাই রাকিব। পাশাপাশি ২০ মার্চ সাকিব নিখোঁজ জানিয়ে র‌্যাবের কাছে অভিযোগ দেন তিনি।

নিখোঁজের ১০ দিন পর গত ২৬ মার্চ সাভারের বনগাঁও ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে সাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় এবং সাকিবের বন্ধু পিয়াসকে আটক করা হয়। পরবর্তীতে সাকিবের অপর বন্ধু ইমনকেও গ্রেপ্তার করা হয়।