সাগর পাড়ি দিয়ে ইতালি: মানব পাচার মামলায় ফরিদপুরে গ্রেপ্তার ২
লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় ফরিদপুরের ৩ তরুণ নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় নগরকান্দা থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। এই মামলার ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ছোট নাওডুবি গ্রাম থেকে হান্নান মাতুব্বর (৫৫) ও তার ছেলে তুহিন মাতুব্বর (২৬) কে গ্রেপ্তার করা হয়। আজ তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। নগরকান্দা থানার এসআই পীযুষ কান্তি দে আজ সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের খবর জানান। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিখোঁজ ৩ তরুণের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, দালালদের মাধ্যমে সমুদ্র পথে ইতালি যেতে গত বছরের ১৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হন নগরকান্দা উপজেলার বাবুর কাইচাইল গ্রামের তিন তরুণ ফয়সাল মাতুব্বর (১৯), সামিউল শেখ (২১) ও নাজমুল মিয়া (২২)। ২৭ জানুয়ারি তারা লিবিয়ায় দালালদের কাছে পৌঁছান বলে বাড়িতে ফোন করে জানান। এর পর থেকে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি।
গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ঠান্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যুর খবর জানা যায়। ইতালির কোস্ট গার্ড অবৈধ অভিবাসীদের বহনকারী একটি জাহাজে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, জাহাজটিতে ২৮০ জন অভিবাসী ছিলেন যাদের অধিকাংশই বাংলাদেশ এবং মিশরের নাগরিক।
পরে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ওই ৭ জনের পরিচয় প্রকাশ করে। ফরিদপুর থেকে নিখোঁজ কারও নাম ওই তালিকায় ছিল না।
ছেলের খোঁজ না পেয়ে শনিবার ফয়সাল মাতুব্বরেরর বাবা ফারুক মাতুব্বর ১০ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, ছোট নাওডুবি গ্রামের মো. শাহিন মাতুব্বর (৩৫) ও তার ভাই তুহিন মাতুব্বর (২৬); ইলিয়াছ মাতুব্বর (৪০) ও তার ভাই শওকত মাতুব্বর (২৫); রাসেল মাতুব্বর (৩৫) ও তার ভাই সোহেল মাতুব্বর (২৭); তিন ভাই ওবায়দুর মাতুব্বর (৪৫), হান্নান মাতুব্বর (৫৫) ও চানু মাতুব্বর (৫০) এবং চানু মাতুব্বরের স্ত্রী নাছি বেগম (৪৫)।
