সার্জেন্ট মহুয়া হাজংয়ের মামলা নিলো পুলিশ, আসামি ‘অজ্ঞাতনামা’
রাজধানীর বিমানবন্দর সড়কে চেয়ারম্যান বাড়ি এলাকায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের এক পা হারানোর ঘটনায় অবশেষে 'অজ্ঞাতনামা' তিন জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাড়ির নম্বর উল্লেখ করে গাড়িচালক এবং অজ্ঞাতনামা আরও দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা করতে গত ১১ ডিসেম্বর বনানী থানায় গিয়েছিলেন মহুয়া হাজং। গাড়িটি এক প্রভাবশালীর ছেলে চালাচ্ছিল বলে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলের সঙ্গে ওই গাড়িটি জব্দ করলেও দুই দিন পর গাড়িটি ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
গত ৩ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে দ্রুতগতির ব্যক্তিগত গাড়িটি বিজিবির সাবেক সদস্য মনোরঞ্জন হাজংয়ের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে তিনি এখন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। তিনি সেপটিসেমিয়াতেও আক্রান্ত হয়েছেন।
একটি রিয়েল-এস্টেট প্রতিষ্ঠানে নিরাপত্তা সুপারভাইজার হিসেবে কর্মরত মনোরঞ্জন মহাখালী ডিওএইচএসে একটি প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন। রাত ২টার দিকে সেখান থেকে নিকেতনের বাসায় ফেরার সময় চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুত গতিতে গাড়িটি তাকে ধাক্কা দেয়।