সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জোনায়েদ সাকির

স্টার অনলাইন রিপোর্ট

আদালতের নির্দেশের প্রায় তিন বছরেও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আজ বৃহস্পতিবার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদনটি জমা দেন।

তিনি বলেন, সিইসি নূরুল হুদা, হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন, যা আদালত অবমাননার শামিল।

আবেদনে জোনায়েদ সাকি হাইকোর্টের নির্দেশনা অমান্যে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননা কার্যক্রম শুরু করার জন্য প্রার্থনা জানিয়েছেন।

আইনজীবী জ্যোতির্ময় দ্য ডেইলি স্টারকে বলেছেন, হাইকোর্ট আগামী রোববার আবেদনের উপর শুনানি করতে পারে।

তিনি বলেন, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ২০১৯ সালের ১১ এপ্রিল সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের অনুলিপি ইসিতে জমা দেওয়া হয়েছে এবং কমিশন এখনও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেনি, যোগ করেন তিনি।

উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি অবসরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।