সিনহা হত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত ২ আসামির আপিল

স্টার অনলাইন রিপোর্ট

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আরও ২ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার আদালত সাগর দেব ও রুবেল শর্মার আপিল আবেদন গ্রহণ করেন। ট্রায়াল কোর্টে এই ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিলে তারা খালাস চেয়েছেন।

আসামিদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিলের আবেদন করলে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ তা শুনানির জন্য গ্রহণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার ডেথ রেফারেন্সসহ (ট্রায়াল কোর্টের নথি) আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে।

গত মাসের শুরুতে হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর আপিল আবেদন গ্রহণ করেছেন বলে জানান তাদের আইনজীবী রানা দাশগুপ্ত।

মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বরখাস্ত উপপরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বরখাস্ত উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা এবং পুলিশের সোর্স মো. নেজামুদ্দিন, নুরুল আমিন ও আয়াজ উদ্দিনকে।

২০২০ সালের ৫ আগস্ট প্রদীপ, নন্দদুলাল এবং আরও কয়েকজনের নামে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলাটি দায়ের করেন সিনহার বড় বোন।