সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার রন্ধুনিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আকবর আলী (৪০) উপজেলার সায়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সারোটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছন।

তিনি জানান, রাত ৮টার দিকে আকবর রন্ধুনিবাড়ি বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা মাথায় গুলি করলে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আকবরের মরদেহ উদ্ধার করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু ডেইলি স্টারকে বলেন, 'রাজনৈতিক শত্রুতা না ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত না।'