সুপারি চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটে সুপারি চুরির অভিযোগে ১ কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার বিকেলে নির্যাতনের শিকার কিশোরের বাবা মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দিলীপ সরকার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হরিমনি গ্রামের বাসিন্দা।

নির্যাতনের ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ওই কিশোরের বাবা মিন্টু চন্দ্র রায় ৪ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গাছ থেকে সুপারি চুরির অভিযোগ তুলে ওই এলাকার প্রিয়নাথ রায় ও তার ছেলে রবিন চন্দ্র রায় শনিবার বিকেলে ওই কিশোরকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান।

তাদের সঙ্গে স্থানীয় আরও কয়েকজন পরে ওই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এক পর্যায়ে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান প্রিন্স ডেইলি স্টারকে বলেন, 'নির্যাতনের শিকার কিশোরটি এখন সুস্থ আছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।'

নির্যাতনের শিকার কিশোরের বাবা মিন্টু চন্দ্র রায় ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলে গাছ থেকে সুপারি চুরি করেনি। তাকে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে।'

'আমি এ ঘটনায় মামলা করেছি। পুলিশ অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নিশ্চয়তা দিয়েছে,' বলেন তিনি।

ওসি শাহা আলম ডেইলি স্টারকে বলেন, 'এ মামলার অন্য আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।'

এদিকে নির্যাতনের শিকার কিশোরকে দেখতে রোববার বিকেলে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন লালমনিরহাট সদর হাসপাতালে গিয়েছেন।