স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মো. তামিমকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে তার স্বজন ও প্রতিবেশীরা।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা আক্তার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাসিন্দা বলেও জানান তিনি।
গাঙ্গুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তামিম মাদকাসক্ত। আজ বেলা ১২টার দিকে সে তার স্ত্রী ফাতেমা ও ৬ মাসের সন্তানকে শ্বশুড় বাড়ি থেকে নিয়ে আসে। দুপুরে নিজের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর পালানোর সময় তামিমের স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।'
নির্মল কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাতকোড়া গ্রামে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্বামী তামিমকে আটক করা হয়।'
নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে উল্লেখ করে নির্মল কুমার বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তামিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'