স্মৃতিসৌধে ঢুকতে না দেওয়ায় দর্শনার্থীদের হামলা, পুলিশ-আনসার সদস্য আহত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটির দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না দেওয়ায় পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালিয়েছে কিছু দর্শনার্থী।
আজ সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
এ সময় আনসার সদস্য জহিরুল ইসলামের মাথায় আঘাত লাগে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধের সিকিউরিটি পোস্টের কাঁচ ভাঙচুর করা হয়।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ১৩ জানুয়ারি থেকে সরকারি বিধি-নিষেধ অনুযায়ী স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। আমি ও আমাদের কর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সবাই সরকারি নির্দেশনা মেনে চলছি। কিন্তু আজ বিকেলে কিছু দর্শনার্থী এক আনসার সদস্যের মাথা ফাটিয়ে দেয় ও এক পুলিশসহ আমাদের এক কর্মকর্তার ওপর হামলা করে।'
তিনি জানান, স্মৃতিসৌধের প্রধান ফটকের সিকিউরিটি পোস্টে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, 'সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেছি।'
জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, একুশে ফেব্রুয়ারি ছুটির দিন হওয়ায় আজ সেখানে অসংখ্য দর্শনার্থী আসেন। কিন্তু সরকারি বিধিনিষেধ থাকায় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ তাদের প্রবেশ করতে দেয় নি। এতে অনেকে চলে গেলেও, কিছু উচ্ছৃঙ্খল দর্শনার্থী ইট-পাটকেল ছুঁড়ে সিকিউরিটি পোস্টে হামলা করে।
এ সময় গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধ্বস্তাধস্তি হয়। এতে কয়েকজন আনসার ও পুলিশ সামান্য আহত হন বলে জানান তিনি।
তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত চলছে।