হত্যা মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

৭ বছরেরও বেশি সময় আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডে দায়ের করা মামলার চার্জশিভুক্ত আসামি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে (৪৫) আটক করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর শহর থেকে তাকে আটক করা হয়।

রওশন ইকবাল শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান সাবেক এই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালের ১৫ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে নাঈমুল ইসলাম রিয়াদ নামের এক শিক্ষার্থী খুন হন। সেই খুনের ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল পুলিশের চার্জশিটভুক্ত আসামি।