হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুর ১টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভুঁইয়া তার জামিন মঞ্জুর করেন।

হৃদয় মণ্ডল জেলার সিরাজদিখান উপজেলার মৃত নন্দলাল মণ্ডলের ছেলে।

গত ২৩ মার্চ ও ২৮ মার্চ শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন চাইলে আদালত নামঞ্জুর করেন। এরপর জেলা ও দায়রা জজ আদালত একটি ফৌজদারি মিস কেস করলে আজ ১০ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করা হয়।
 
মুন্সিগঞ্জ সদর থানায় গত ২২ মার্চ রাত সাড়ে ১০টায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন একই স্কুলের অফিস সহকারী (ইলেক্ট্রিশিয়ান) মো. আসাদ মিয়াঁ। পেনাল কোড ২৯৫ ও ২৯৫ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য উচ্চারিত কথা দ্বারা ধর্মীয় বিশ্বাসকে অপমানিত করা এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা করার অপরাধে মামলা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামির পক্ষে জামিন শুনানিতে অংশ নেওয়া আইনজীবী শাহিন মো. আমান উল্লাহ। 

তিনি বলেন, '৫ হাজার টাকার বন্ডে বিচারক জামিন মঞ্জুর করেছেন।'
 
উল্লেখ্য, গত ২০ মার্চ স্কুলে বিজ্ঞান বিষয় নিয়ে ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তার কথোপকথন হয়। ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। যেখানে ধর্ম অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদকে (সা:) অপমান করার অভিযোগ আনা হয়। তার ২ দিন পর শিক্ষার্থীরা স্কুলে আন্দোলন করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। এরপর শিক্ষক হৃদয় মণ্ডলকে আটক করা হয়। তারপর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।