১৩ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ১০টিসহ মোট ১৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ৩ জন হলেন- আল আমিন হিরা, সাখাওয়াত হোসেন পলাশ ও নির্মল সরকার।
আজ সোমবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, এক ভুক্তভোগীর মামলার তদন্ত করার জন্য ৪টি টিম গঠন করে নাটোর জেলাব্যাপী অভিযানে নামে পুলিশ। গতকাল রোববার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে চোর চক্রের সদস্য আল আমিন হিরাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
হিরার দেওয়া তথ্য অনুসারে, পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রওদিচামারীর নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ১০টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।