১৮ বছর আগের ডাকাতি মামলায় ৬ আসামির কারাদণ্ড

নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

জয়পুরহাটে ডাকাতি মামলায় ৬ জনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ৬ জন হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার আজাহার আলীর ছেলে ছানোয়ার, মৃত ধনবর আলীর ছেলে ফরহাদ, মৃত হাফিজার রহমানের ছেলে সাজ্জাদ, ওমর আলীর ছেলে দুদু মিয়া, পারুলিয়ার সামাদের ছেলে মনোয়ার হোসেন ও পাঁচবিবি উপজেলার গুদইল গ্রামের গাহ পাগলার ছেলে মাবুদ।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ১৭ মার্চ রাতে আজিজার রহমান নামে এক চালক কয়েকজনকে নিয়ে প্রাইভেটকারে হিলি থেকে জয়পুরহাট শহরে আসছিলেন। সদর থানার বনখুর এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল তাদের পথ রোধ করে এবং মারধর করে সোনার চেইন, মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় আজিজার রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন। এজাহারভুক্ত ৬ জনকে খালাস দেওয়া হয়েছে।