২২ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
দীর্ঘ ২২ বছর ধরে নাম বদল করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহুবর রহমান (৪৫)। আজ বুধবার রংপুর থেকে মহুবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিকেলে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৯৯৯ সালের মে মাসে আদিতমারী উপজেলায় মহিষখোচা ইউনিয়নের চর গোবরধনে
মহুবরের বাবা মনসুর আলীর জমির ফসল খায় একই এলাকার বছর উদ্দিনের গরু। যার জের ধরে মনসুর আলীর নির্দেশে মহুবর প্রতিবেশী বছর উদ্দিন ও তার ছেলে আফজাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আফজাল মারা যান। এ ঘটনায় মামলা হলে পুলিশ মনসুর আলীকে গ্রেপ্তার করলেও মহুবর পালিয়ে যায়।
মামলার শুনানি শেষে ২০০৩ সালে মনসুর আলী ও তার ছেলে মহুবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মনসুর আলী যাবজ্জীবন সাজা ভোগ করলেও মহুবর দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন।
আসামিকে ধরতে আদিতমারী থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। পুলিশ আজ সকালে মহুবরকে রংপুরের মাহিগঞ্জ থানার আলুপট্টি বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামী মহুবরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।