২ বর্গাচাষির ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

মেহেরপুরে ২ বর্গাচাষির ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক কৃষক।

অভিযোগকারী কৃষক আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বর্গা নিয়ে তিনি ২৫ কাঠা জমিতে ধান রোপণ করেছিলেন। মঙ্গলবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ওই জমির ধান কেটে মাঠেই শুকাতে দিয়ে আসেন। ঠিক করেন শুক্রবার ধান মাড়াই করবেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি খবর পান খেতে শুকাতে দেওয়া ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান অধিকাংশ ধানই পুড়ে গেছে।

পরে আনিসুর শুক্রবার সকালে মেহেরপুর সদর থানায় যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান অপরাধীদের শাস্তির আওতায় আনবেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান ওই কৃষক।

এ বিষয়ে ওসি জানান, অভিযোগটি তিনি গ্রহণ করেছেন। তদন্ত চলছে।

দুর্বৃত্তদের ধরতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান ওসি।