৬ হাজার টাকার জন্য শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে মাত্র ৬ হাজার টাকার জন্য শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. রাশেদ (২০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আদর্শ কলোনির মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছেন। তিনি একই এলাকার এনামুল হকের ছেলে।

নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবির অভিযোগ, তফজল রাশেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনিতে বসবাস করতেন। তফজল রাশেদের কাছে ৬ হাজার টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে শ্যালক রাশেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার বিকেলে রাশেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করেন তফজল। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আদর্শ কলোনির হাসেম মাঝির বসত ঘরে রাশেদকে আটক করে পুনরায় তফজল, হাসেম মাঝি ও তার স্ত্রী চামেলা বেধড়ক মারধর করেন। এতে গুরুত্বর আহত হন রাশেদ। একপর্যায়ে রাশেদ হামলাকারীদের হাত থেকে ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যান।

এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষে লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত পলাতক।'