‘আমার ছেলের ভাগ্যে কী হয়েছে জানি না’

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে দুর্ঘটনায় নিখোঁজ আছেন রিজিয়া বেগমের (৬৫) ছেলে শাহজাহান। সন্তানের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তিনি।

বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউনিয়নের রায়তাবক গ্রামের বাসিন্দা রিজিয়া বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ছেলে শাহজাহান (৪৫) এই লঞ্চের যাত্রী ছিল, রাতে কথা হয়েছে, এখন আর কোনো খবর নাই। মোবাইলও বন্ধ। আমার ছেলের ভাগ্যে কী হয়েছে আমি জানি না।'

ঢলুয়া গ্রামের আলী আকবর (৫৫) জানান, তার নাতী সুজন (৩২) ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। লঞ্চে উঠে ফোনে জানিয়েছিল বাড়ি ফিরছে। দুর্ঘটনার পর থেকে ফোন বন্ধ। বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে।

নদীতে লাফ দিয়ে বেঁচে যাওয়া ছগীর হোসেন (৪০) বলেন, 'আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি। অনেক যাত্রী নদীতে লাফ দিয়েছেন, তবে অনেকেই তীরে উঠতে পারেননি।'

এদিকে নিখোঁজ যাত্রীদের তথ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই বলে জানিয়েছেন বরগুনা নৌবন্দরের সহকারী পরিচালক মামুনুর রশীদ।

তিনি বলেন, 'লঞ্চটিতে বিভিন্ন বয়সের প্রায় ৩০০-৪০০ জন যাত্রী ছিল। তাদের উদ্ধারে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ কাজ করছে।'

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, 'নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের দু'জন ম্যাজিস্ট্রেট বরিশাল ও ঝালকাঠিতে আছেন।'