আর কে টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার দুপুরে বাংলামোটর এলাকার ১০ তলা আর কে টাওয়ারের ৭ তলায় আগুন লাগে ও বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে আগুন লাগার ঘটনায় ৩ জন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা হলেন-মামুন খান (৩২) মানিক ফকির (২০) ও তাফসির মিয়া (২৬)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, মামুনের ৩৪ শতাংশ, তাফসিরের ৭ শতাংশ ও মানিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আর কে টাওয়ারে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবনটিতে গুদামের অনুমতি না থাকলেও, ৭ তলার গুদাম থেকেই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।