ঈদের সকালে নদীতে নেমে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদুল ফিতরের দিনে নদীতে গোসলে নেমে বজ্রপাতে ৩ কিশোর মারা গেছেন। এ ঘটনায় নদীপাড়ে থাকা আরও ২ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীপাড়ে এ ঘটনা ঘটে। তারা সেখানে গোসল করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
তারা হলেন, হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ৪ জন আহত হয়। গুরুতর আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।'
এমন খুশির দিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।