ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
ঈদে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম মহাসড়কে ট্রাকের ধাক্কায় শান্তনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ঘটনায় গৃহবধূর শিশু সন্তান ও স্বামী আব্দুল মাজেদও আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে পাচলিয়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।
ওসি জানান, আজ সকালে স্বামী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন শান্তনা। সকাল ৯টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শান্তনা নিহত হন।
এ সময় তার স্বামী আব্দুল মাজেদ ও তাদের সন্তানও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও হেল্পার পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।