উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং সংলগ্ন মধুরছড়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৩০০ ঘর ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে শিশুর বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি।

img-20220308-wa0032.jpg
ছবি: সংগৃহীত

দুপুর সাড়ে ৩টার দিকে ক্যাম্পে এ আগুন লাগে বলে মধুরছড়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা (মাঝি) ডা. ফয়সাল আনোয়ার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, আগুনের খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার স্টেশনের ৩টি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আমর্ড পুলিশের সহযােগিতায়। প্রায় ২ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিরূপনে ক্যাম্প পরিচালনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।'

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।