এক্সক্যাভেটর থেকে ছিটকে পড়ল লোহার পাত, পথচারীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালে প্রতিরোধ দেওয়ালের কাজ চলার সময় লোহার পাতের নিচে চাপা পড়ে এক পথচারী মারা গেছেন।
নিহত মুজিবুর রহমানের (৫০) গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অধীনে ওই এলাকায় ডোমখালী খালে প্রতিরোধ দেওয়ালের নির্মাণকাজ চলছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান গতকাল রাতে এক্সক্যাভেটর দিয়ে লোহার পাত বসাচ্ছিল। এ সময় একটি লোহার পাত ছিটকে পড়ে যায় এবং পথচারী মুজিবুর রহমান তার নিচে চাপা পড়েন।
তাকে উদ্ধার করে নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী নূর মোহাম্মদ (৫৫) আহত হয়েছেন বলেও জানান তিনি। আহত নূর মোহাম্মদ ওই হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাঠানিয়াগোদা এলাকায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের আওতায় ডোমখালী খালে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলমান আছে। নির্মাণকাজের সময় ধস এড়াতে লোহার পাত (শিট পাইল) ব্যবহার করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে প্রকল্প পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।