কক্সবাজারে ইটভাটা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের একটি ইটভাটা থেকে মোহাম্মদ সোহেল নামে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়া সড়কের পাশে এমবি ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিশু সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। সে তার মা-বাবার সঙ্গে ঈদগাঁও গরুর বাজার এলাকার একটি কলোনিতে থাকতো। 

ঈদগাঁও থানার উপপরিদর্শক মো. নোমান সিদ্দিকী এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমবি ইটভাটার খনন করা গভীর গর্তের পানিতে একটি শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

তবে, শিশুটির বাবা মোহাম্মদ ইদ্রিস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ মৃত্যুর বিষয়ে আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।'