কক্সবাজারে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী মো. আবদুল মজিদ (২২) নিহত হয়েছেন।

এ ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ও এক যাত্রী আহত হয়েছেন। আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুরের ঝনঝনিয়া সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আবদুল মজিদ ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঈদগাঁও রশিদ আহমদ কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী।

অভিযান চালিয়ে বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।