কক্সবাজারে সাগরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সাগরে গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও ১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সাহেদ হোসেন বাপ্পী (২০) রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার বাসিন্দা এবং রামু সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উদ্ধার করা হয়েছে একই এলাকার কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুসাকে (২১)।

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, সকালে রামু উপজেলার তেচ্ছিপুল এলাকা থেকে ৬ কলেজ শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সাগরে গোসলে নামার পর ৪ জন উঠে এলেও, ২ জন সাগরে ভেসে যেতে থাকেন।

এ অবস্থায় তাদের একজন মোহাম্মদ রিফাত সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'লাইফ গার্ডের কর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক একজনকে উদ্ধার করলেও অপরজনের খোঁজ পাননি। সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।'

পরে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সকালে সৈকত এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।'