কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অন্তুত ১০০ ঘর
রাজধানীর কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল-ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
রাত ৮.৪৫ মিনিটে কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, বস্তির অন্তত ১০০ ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
তবে স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির অন্তত দেড়শ ঘর পুড়ে গেছে।
বস্তির বাসিন্দা মোফাজ্জল হোসেন (৫০) দ্য ডেইলি স্টারকে জানান, তারা প্রায় ৩০ বছর ধরে এ বস্তিতে বসবাস করে আসছেন। বস্তিতে তার ১৮টি ঘর ভাড়া দেওয়া ছিল। সেগুলোর সবই পুড়ে গেছে।
এ বস্তিতে অন্তত ৫০০ ঘর ছিল এবং সেগুলোর মধ্যে অন্তত ১৫০টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
বস্তির বাসিন্দা গার্মেন্টস কর্মী তানিয়া আক্তার (২৫) দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় তিনি কাজ শেষে ঘরে ফিরছিলেন। দূর থেকেই তিনি বস্তিতে আগুন দেখতে পান।
তার ঘরটিও পুড়ে গেছে বলে জানান তিনি।