কাফরুলে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কাফরুলে জাহাঙ্গীর গেটের কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

আজ বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী নাইম হোসেনকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাইমের বোন জামাই আতাউর রহমান বলেন, নাইম পরিবারের সঙ্গে দক্ষিণখান পশ্চিম মোল্লারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকতেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাবার নাম আবু তাহের।

আতাউর রহমান জানান, গত রাতে নাইম তার বন্ধু মেহেদী হাসানের (২৬) সঙ্গে মোটরসাইকেলে পুরান ঢাকা থেকে দক্ষিণখানের বাসায় ফিরছিলেন। মেহেদী মোটরসাইকেল চালাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসলে পিছন থেকে পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয়।

কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) অপু রায়হান বলেন, ভোররাতে জাহাঙ্গীর গেট এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত মেহেদী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে।

তিনি জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।