কুমিল্লায় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা মনিপুর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
নিহত শাহআলম (৭০) চাঁদপুরের কচুয়া থানার মাঝিগাছা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কাবিলা মনিপুর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ঘ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ছাড়া, সকাল ১১টায় চান্দিনার কুটুম্বপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেখানে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম জানান, ঘটনার অল্প কিছু সময় পরই রাস্তা পরিষ্কার করে দেয় পুলিশ। বর্তমানে হাইওয়ের কোথাও যানজট নেই।