কুষ্টিয়ায় গড়াই নদী থেকে ২ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার চার ঘণ্টা পরে মিম খাতুন (১৩) ও ৭ ঘণ্টা পর তার খালা চামেলী খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে মিমের মরদেহ এবং সন্ধ্যা ৭টার দিকে চামেলীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

মিম ওই এলাকার গাফফার মোল্লার নাতনি ও খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে। চামেলী একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুলের স্ত্রী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদীতে মিম, তার খালা চামেলী, নানি রাজিয়া (৫৫) ও মামাতো বোন নীলা (১২) গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে মিম নদীতে তলিয়ে যায়। এসময় তাকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোনও তলিয়ে যায়।

স্থানীয়রা নানি ও খালাতো বোনকে জীবিত উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। এর প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে নদী থেকে মিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, নিখোঁজ চামেলীকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। তারা সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে।