খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত    

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদং পাড়া এলাকায় আজ বুধাবর সকালে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা হলেন- মানিকছড়ি এলাকার জীবন মজুমদার (৫০) ও তার ছেলে রাজদীপ মজুমদার (১২)।

ওসি বলেন, 'জীবন ও তার ছেলে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে করে মানিকছড়ি থেকে খাগড়াছড়ি সদরে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে তারা বুদং পাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। ট্রাকচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।