খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, সন্ধ্যায় বিমানবন্দর থেকে কমলাপুরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।