গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে সড়কের পাশের গাছের ডালা ভেঙে মাথায় পড়ে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের মোল্লার তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হেলাল উদ্দিন (৪২) ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ফেনী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে নিজের বাসার দিকে যাচ্ছিলেন। পথে ফেনী-সোনাগাজী সড়কের মোল্লার তাকিয়া এলাকায় হঠাৎ সড়কের পাশের একটি শিমুল গাছের ডাল তার মাথার ওপর ভেঙে পড়ে।

এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।

নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন বলে ওসি মো. নিজাম উদ্দিন জানান।