গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকাপের ধাক্কায় হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকাপ ভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

রোববার ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ (১৮) মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায়।

প্রত্যক্ষদর্শী অপর এক পিকাপ ভ্যানের চালক মো. আল আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিকাপের কিছু অংশ কেটে ভেতর থেকে নিহত আরিফের মরদেহ বের করা হয়েছে।'

গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওজায়ের আল মাহমুদ আদনান ডেইলি স্টারকে বলেন, 'নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকাপের সামনের অংশ দুমরে মোচড়ে যায়। ঘটনাস্থলে পিকাপের হেলপার নিহত হয়।'

'চালক পালিয়ে গেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পিকাপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে।'