গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টায় উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামিদ উদ্দিন আরও বলেন, ইমরান হোসেনের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি তিনি সেনা সদস্য। তিনি ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে ৫আরই ব্যাটালিয়ন পোস্তগোলায় সৈনিক পদে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট এলাকায়। ইমরানের বাবার নাম মো. মানিক মোল্লা।

আমরা জানতে পেরেছি, ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।